মনির হোসেন পিন্টু(চরভদ্রাসন) ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াঁসহ এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজন ও অনুসারীরা।
মঙ্গলবার(২১ এপ্রিল) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের চর সালেপুর মুন্সিরচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আসামি কবির খান (৪৫) চর হরিরামপুর ইউনিয়নের চর সালেপুর (পশ্চিম) গ্রামের মৃত সুরমান খানের ছেলে। তিনি চর হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি।
তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে চরভদ্রাসন থানায় একটি মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) রফিকুজ্জামানের নেতৃত্বে পাঁচজন পুলিশ সদস্য মুন্সিরচর বাজারে অভিযান চালিয়ে কবির খানকে গ্রেপ্তার করেন।
তাঁকে হাতকড়াঁ পরিয়ে মোটরসাইকেলে তোলার সময় কবিরের বড় ভাই সূর্য খান এসময় পুলিশের কাজে বাধা দেন। মুহূর্তের মধ্যে কবিরের ১৮/২০ জন স্বজন ও অনুসারীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে হাতকড়াঁ পরা অবস্থায় তাঁকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যান।
হামলায় এসআই রফিকুজ্জামানের ডান হাত জখমসহ অন্য পুলিশ সদস্যরা আহত হন। পরে আহত পুলিশ সদস্যরা চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিকভাবে চিকিৎসা গ্রহন করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার কিছুক্ষণ পর কবির খানকে মুন্সিরচর বাজার এলাকায় হাতকড়াঁ ছাড়াই ঘুরে বেড়াতে দেখা যায়।
চর হরিরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান বিল্লাল হোসেন বলেন, পুলিশ কবিরকে গ্রেফতার করে এক হাতে হাতকড়াঁ পরিয়ে অন্য হাত ধরে রেখেছিল।
হটাৎ করে কবিরের অনুসারী ও স্বজনেরা এসে পুলিশের উপর হামলা চালিয়ে তাঁকে নিয়ে যাওয়ার পর বাজারের একটি পরিত্যক্ত স্থান থেকে স্থানীয়রা হাতকড়াটি উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশের মাধ্যমে হাতকড়াঁটি থানায় জমা দিয়ে দেওয়া হয়েছে।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আওয়ামী লীগ নেতা কবির খান সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার আসামি।
গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করার জন্য আমাদের পাঁচজন পুলিশ সদস্য মুন্সিরচর বাজারে গেলে তাঁদের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে যায় তার স্বজন ও অনুসারীরা।
এঘটনায় আহত পুলিশ সদস্যরা প্রাথমিকভাবে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
তিনি আরো বলেন, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে এঘটনায় চরভদ্রাসন থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আসামি কবির খানকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত