
মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবী ঐক্যজোটের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ৬ মার্চ ব্রাহ্মণবাড়িয়া শহরের মসজিদ রোডের এ মালেক কনভেনশন সেন্টারে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময়, সোহেল তানভীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানটি উদ্বোধন করেন দৈনিক ফ্রন্টিয়ারের সম্পাদক ও এ মালেক গ্রুপের চেয়ারম্যান আব্দুল মালেক। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন নোভা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও নোভা ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ দিদার হোসাইন।
মোঃ সোহরাব শেখ তামিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সক্রিয় সদস্য কাজী শাহীন হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পেশেন্ট কেয়ার শিশু ও জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ডিরেক্টর মোঃ ইয়াসিন চৌধুরী সহ বিশেষ অতিথি হিসেবে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের যাবতীয় কাজের ভূয়সী প্রশংসা করেন। সংগঠনের ভবিষ্যতের পথ চলায় যেকোনো সামাজিক ও মানবিক কাজে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে অবহিত করেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে অতিথিবৃন্দ বক্তব্য শেষ করেন।
সঞ্চালনায় মোঃ সোহরাব শেখ তামিম সংগঠনের আগামীর পথ চলায় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সহ প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভাপতির সমাপনী বক্তব্যে সোহেল তানভীর বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবী ঐক্যজোট ব্রাহ্মণবাড়িয়ার ৯টি উপজেলার ৬০টির অধিক সামাজিক ও মানবিক সংগঠন নিয়ে গঠিত। ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটি সংগঠনের সমন্বয়ে অতীতে সকল যথাযথ সময়ে সামাজিক মানবিক ও সমাজসেবায় অগ্রগামী ভূমিকা রেখেছে। সকল সংগঠনের সম্মিলিত ঐক্যের বন্ধন সুদৃঢ় রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে শিক্ষা, শান্তি ও সমাজসেবায় নিয়োজিত থেকে বাংলাদেশে একটি অনন্য নজির স্থাপন করতে চাই। এ বিষয়ে সংগঠনের দায়িত্বশীল সদস্য ও শুভাকাঙ্ক্ষী সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
পরিশেষে ইফতার মাহফিলটি সুন্দর ও সাফল্যমণ্ডিত করার জন্য অনুষ্ঠানে উপস্থিত সকলকে, আর্থিক সহযোগিতাকারী, শ্রম ও সময় দিয়ে সহযোগিতা কারী সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ইফতার ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন।