ফরিদপুরের সালথা উপজেলায় কৃষকদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত ইউরিয়া সার গুদামে মজুত না রেখে অন্যত্র বিক্রির দায়ে এক সার ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জরিমানাপ্রাপ্ত ডিলার হলেন মেসার্স খান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও সার ব্যবসায়ী মোমরেজ খান।
উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে আগমনী বার্তা (অ্যারাইভাল রিপোর্ট) পাওয়ার পর ডিলারের গুদাম যাচাই করেন উপজেলা কৃষি অফিসার। এ সময় দেখা যায়, অক্টোবর মাসে বরাদ্দকৃত ৪০০ বস্তা ইউরিয়া সার গুদামে মজুত রাখার নিয়ম থাকলেও সেখানে পাওয়া যায় মাত্র ২০০ বস্তা। বাকি ২০০ বস্তা সার অন্যত্র বিক্রি করা হয়েছে বলে যাচাইয়ে উঠে আসে।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজভী আহমেদ সবুজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অভিযুক্ত ডিলার ২০০ বস্তা ইউরিয়া সার অন্যত্র বিক্রির বিষয়টি স্বীকার করেন। পরে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি।
উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত নিয়মের বাইরে সার অন্যত্র বিক্রি করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি এবং কৃষকদের ভোগান্তিতে ফেলার কোনো সুযোগ নেই। কৃষি উপকরণের সঠিক সরবরাহ নিশ্চিত করা এবং সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে জনস্বার্থে এ ধরনের নজরদারি ও তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত