ফরিদপুরের সালথায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে সালথা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে ও সালথা থানার আয়োজনে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন, নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহাম্মদ আল ফাহাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল ফজল মুরাদ, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা সভাপতি সমীর সাহাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিভিন্ন মন্দিরের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলার ৪৪টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়।
পূজা চলাকালে প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তায় আনসার ও গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্বে নিয়োজিত রাখার পাশাপাশি পুলিশের টহল ও নজরদারি জোরদার করা হবে। এছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে সতর্ক থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
সভায় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাইকে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে হবে। কোনো ধরনের গুজব, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে। দুর্গোৎসবকে কেন্দ্র করে নিরাপত্তার বিষয়ে প্রশাসন ও পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে বলেও সভায় জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত