মাসুদ রানা বাচ্চু সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুরে দিনদুপুরে গরু বিক্রির ৬ লাখ ৯০ হাজার টাকা ছিনতাই ও ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে বাকি ২ আসামি এখনো ধরা-ছোঁয়ার বাইরে থাকায় ক্ষুব্ধ ভুক্তভোগী ও স্থানীয় গরু ব্যবসায়ীরা।
এজাহার সূত্রে জানা যায়, গত ০৭/০৬/২০২৬ তারিখ দুপুর ১২টার দিকে রায়গঞ্জ উপজেলার তেলি জানা গ্রামের মো. আব্দুর রাজ্জাকসহ ৩ জন ব্যবসায়ী কাজিপুরের সোনামুখী গরুর হাটে ৬টি গরু নিয়ে আসেন। এর মধ্যে ৩টি গরু বিক্রি করে ৫ লাখ ৫৬ হাজার টাকা এবং মহাজনের কাছে থাকা নগদ ১ লাখ ৩৪ হাজার টাকাসহ মোট ৬ লাখ ৯০ হাজার টাকা নিয়ে সিএনজিযোগে সিরাজগঞ্জ শহরের দিকে রওনা দেন তারা।
বিকাল সাড়ে ৪টার দিকে কাজিপুর থানাধীন চালিতাডাঙ্গা ইউনিয়নের হাজারহাটি বাজারে পৌঁছামাত্র অজ্ঞাতনামা ৩ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে সিএনজির গতিরোধ করে। সিএনজি থামিয়ে এক দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে মহাজন আব্দুর রাজ্জাকের মাথার বাম পাশে কুপিয়ে গুরুতর জখম করে। অন্য দুইজন রড দিয়ে মারধর করে নগদ ৬ লাখ ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
স্থানীয় গরু ব্যবসায়ী লিটন মিয়া ও এলাকাবাসীর সহায়তায় আহত আব্দুর রাজ্জাককে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি রেখে চিকিৎসা দিচ্ছেন।
এ ঘটনায় আহতের সহযোগী মো. রুহুল আমিন বাদী হয়ে কাজিপুর থানায় ৩ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে এজাহার দায়ের করেন।
মামলার বাদী ও আহত আব্দুর রাজ্জাক বলেন,আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের দাবি দ্রুত আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম বলেন, আসামি একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত