
হাসান আলী সোহেল, নাটোর
নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেছেন, দীর্ঘ ১৭ বছরের ভঙ্গুর অবস্থা থেকে দেশকে উদ্ধার করতে একমাত্র বিএনপিই সক্ষম। তিনি বলেন, “আমাদের মনে রাখতে হবে—আমরা কেউ আর ৫ আগস্টের আগের বাংলাদেশে ফিরে যেতে চাই না।”
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফারজানা শারমিন পুতুল বলেন, লালপুর ও বাগাতিপাড়ায় অবকাঠামোগত নানা সমস্যা রয়েছে। তবে গত ১৫ বছরে দেশে যে মানবিক বিপর্যয় সৃষ্টি করা হয়েছে, সেটিই সবচেয়ে বড় সংকট। তিনি অভিযোগ করেন, দেশে ঘৃণা, হিংসা ও বৈষম্যের রাজনীতি ছড়িয়ে দেওয়া হয়েছে। একসময় ধর্মীয় বিভেদ সৃষ্টি করা হয়েছে, পরে রাজনৈতিক দলগুলোর মধ্যেও বিভাজন তৈরি করা হয়েছে। “এই পরিস্থিতি থেকে আমাদের ফিরে আসতে হবে,” বলেন তিনি।
তিনি আরও বলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও গত ১৭ বছরে বিএনপি নেতাকর্মীদের অনেক সন্তান চাকরি থেকে বঞ্চিত হয়েছে। “আমরা ক্ষমতায় গেলে এমন বৈষম্য করব না,” উল্লেখ করে তিনি দাবি করেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপি প্রতিহিংসার রাজনীতি না করে বরং নির্যাতিতদের নিরাপত্তা নিশ্চিত করেছে।
বাগাতিপাড়ার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, গত ২০ বছরে এই এলাকায় দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। মরহুম ফজলুর রহমান পটলের মৃত্যুর পর উন্নয়নের গতি থেমে গেছে বলে তিনি মন্তব্য করেন। একটি পরিবর্তিত ও উন্নয়নমুখী বাগাতিপাড়া গড়তে ভোটারদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
দলের বিদ্রোহী ও বিভ্রান্তি সৃষ্টিকারীদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে পুতুল বলেন, “আমাদের কর্মসূচিতে আসতে অনেককে বাধা দেওয়া হচ্ছে। দলের সুযোগ-সুবিধা নিয়ে কেউ বাইরে গিয়ে সুবিধাবাদী হতে পারেন, তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু ধানের শীষের সমর্থকদের বিপথগামী করার চেষ্টা করলে জনগণই এর জবাব দেবে।”
সমাবেশে দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাজদার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশারফ হোসেন, সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।