
জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাত্রী ও পণ্য পরিবহন নির্বিঘ্ন রাখতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়িতে ঘাট সংশ্লিষ্টদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চলের নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সাজিদ হোসেন। এসময় দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহাসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (বিআইডব্লিউটিএ) কর্তৃপক্ষ এর প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিএসির) দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যাবস্থাপক এসানুল ইসলাম তপু, আরিচা বন্দরের প্রতিনিধি, গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ছরোয়ার হোসেন মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মোহন মন্ডল। এছাড়া বিভিন্ন পেশাজীবী ও ঘাট সংশ্লিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্যজীবী, হকার, বালু ব্যবসায়ী, পশুবাহী ট্রলার প্রতিনিধিরা, মৎস্য আড়তদার, স্পিডবোট চালক, লঞ্চ টার্মিনাল সংশ্লিষ্ট ব্যক্তি, অটো ও রিকশা চালকসহ অন্যান্যরা।
সভায় ঈদকে সামনে রেখে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীসেবা উন্নয়ন, নিরাপত্তা জোরদার, নৌযান চলাচলে শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ কার্যক্রম প্রতিরোধ এবং ঘাট এলাকায় সার্বিক ব্যবস্থাপনা আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত ঘাট সংশ্লিষ্টরা তাদের বিভিন্ন সমস্যা, অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন।
প্রধান অতিথি মো. সাজিদ হোসেন বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সকল পক্ষকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। যাত্রীদের ভোগান্তি কমাতে এবং নৌপথে শৃঙ্খলা বজায় রাখতে নৌ পুলিশ সর্বোচ্চ তৎপর থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।