
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীল কর্মের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করে তোলা এবং শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশের লক্ষ্যে ফরিদপুরের সালথায় উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে প্রাথমিক, কিন্ডারগার্টেন, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নজরুলের কবিতা আবৃত্তি, সংগীতসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় নিজেদের প্রতিভা তুলে ধরে।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহাঃ তাশেম উদ্দিন।
এছাড়া ও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান, বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সিনিয়র সাংবাদিক আবু নাসের হুসাইন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রতিযোগী শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও ন্যায়ের কবি। তাঁর সাহিত্য ও সংগীত তরুণ প্রজন্মকে দেশপ্রেম, মানবিকতা ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার অনুপ্রেরণা দেয়। শিক্ষার্থীদের মাঝে নজরুলের আদর্শ ও সৃষ্টিকর্ম ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বিভিন্ন বিষয়ে তাদের পরিবেশনা উপস্থাপন করে। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শনের সঙ্গে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা আইসিটি অফিসার ইঞ্জিনিয়ার টিপু সুলতান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ইরা গোস্বামী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান।
গান, নৃত্য, অভিনয়ে বিচারক হিসেবে দ্বায়িত্ব পালন করেন বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনের অন্তর্ভূক্ত গীতিকার ও সুরকার বলরাম সরকার, নাট্য ব্যক্তিত্ব আনিসুর রহমান, জেলা শিল্পকলা একাডেমীর নৃত্য প্রশিক্ষক চামেলি আক্তার, নজরুল সঙ্গীত শিল্পী অলক কুমার নাগ ও কন্ঠশিল্পী সাইফুল ইসলাম।