
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে ফরিদপুর দারুল হিকমাহ পাঠাগারের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা ‘মানুষ’ নিয়ে এক ব্যতিক্রমী পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় এ আয়োজনকে ঘিরে শিক্ষার্থী, সাহিত্যপ্রেমী ও জ্ঞানী-গুণী ব্যক্তিদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পাঠাগার প্রাঙ্গণ।
অত্র পাঠাগারের সভাপতি কামারখালী বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এ বি এম সাইফুর রহমানের সভাপতিত্বে পাঠচক্রে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, যশোর বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর এ বি এম ছাত্তার, সরকারি ইয়াছিন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেন, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুলহ্ আল মতীন, সাবেক কাউন্সিলর আনিসুর রহমান চৌধুরী, ফরিদপুর সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান।
প্যালেল আলোচক, সরকারি রাজেন্দ্র কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শাহিনুর ইসলাম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ইতি রাণী বিশ্বাস।
স্বাগত বক্তব্য রাখেন অত্র পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম।

পাঠচক্রে শিক্ষার্থীরা কবি নজরুল ইসলামের ‘মানুষ’ কবিতা পাঠ করেন এবং কবিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও বিশ্লেষণে অংশ নেন। কবিতাটিতে মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা, মানুষের মর্যাদা এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে কবির যে শক্তিশালী বার্তা উঠে এসেছে, তা সহজভাবে শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়।
আলোচনায় বক্তারা বলেন, ‘মানুষ’ শুধু একটি কবিতা নয়; এটি মানবিক মূল্যবোধ ও সাম্যের এক অনন্য দৃষ্টান্ত। ধর্ম-বর্ণ, জাতি-শ্রেণির বিভেদ ভুলে মানুষকে মানুষ হিসেবে মূল্যায়নের যে শিক্ষা নজরুল দিয়েছেন, বর্তমান সমাজেও তার গুরুত্ব অপরিসীম।
পাঠচক্রে ফউবি, ম ইনস্, স. সারদা সুন্দরী বালিকা উচ্চ বি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত কবিতা পাঠ, বিশ্লেষণ ও মতামত প্রকাশ উপস্থিত সবাইকে মুগ্ধ করে। একই সঙ্গে জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গের আলোচনা শিক্ষার্থীদের সাহিত্য ও জ্ঞানচর্চায় আরও উৎসাহিত করে।
আয়োজকরা জানান, নজরুলের সাহিত্য ও মানবতাবাদী দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি নিয়মিত পাঠাভ্যাস ও মুক্তচিন্তার বিকাশ ঘটাতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও দারুল হিকমাহ পাঠাগারের উদ্যোগে সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চামূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।
পাঠচক্র অনুষ্ঠান সঞ্চালণা করেন ফরিদপুর মহাবিদ্যালয়ের বাংলা প্রভাষক সবিতা বৈরাগী।