
জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ঔষধ ব্যবসায়ী সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলা মডেল মসজিদের হলরুমে উপজেলা ঔষধ ব্যবসায়ী সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আলিমুজ্জান (আলী), সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক এস এম মিনার মাহফুজসহ শতাধিক ঔষধ ব্যবসায়ী।
সভায় ক্রেতাদের সব ধরনের ঔষধের মূল্যের ওপর ৫ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, ঔষধ ব্যবসায়ীরা শুধু ব্যবসা নয়, মানুষের সেবায় নিয়োজিত থাকতে চান। নিরাপদ ও মানসম্মত ঔষধ সরবরাহ নিশ্চিত করতে তাঁরা সম্মিলিতভাবে কাজ করবেন। একই সঙ্গে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তাঁরা বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো ঔষধ ব্যবসায়ীকে যেন হয়রানি করা না হয়।
এ ছাড়া সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, অনুমোদিত ফার্মেসি ছাড়া অন্য কোনো দোকান বা মুদি দোকানে ঔষধ বিক্রি করা যাবে না। অনুমোদনহীন প্রতিষ্ঠানে ঔষধ বিক্রি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ভারতীয়, পাকিস্তানি ও অন্যান্য অননুমোদিত ঔষধ বিক্রির বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।