
ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণার পর পদবঞ্চিত হওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ছাত্রদলের এক কর্মী।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে সালথা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রদল কর্মী সাইফুল। এ সময় তাঁর সমর্থকরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে সাইফুল অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকলেও নবঘোষিত কমিটিতে তাঁর নাম রাখা হয়নি। তাঁর দাবি, সভাপতি পদে তাঁর যোগ্যতা ও প্রাপ্যতা থাকা সত্ত্বেও তাঁকে মূল্যায়ন করা হয়নি।
তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে আমার বিরুদ্ধে ৯ টি মামলা হয়েছে। একাধিকবার কারাবরণ করেছি। বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে রাজপথে আন্দোলন-সংগ্রামে থেকেছি। অথচ বর্তমানে যারা গুরুত্বপূর্ণ পদে এসেছেন, তাদের অনেকেই সাম্প্রতিক সময়ে ছাত্ররাজনীতিতে যুক্ত হয়েছেন।’
তিনি কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকের প্রতি দৃষ্টি আকর্ষণ করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানান।