
ফরিদপুরের সালথা বাজারে বিভিন্ন পাট ও পেঁয়াজের দোকান পরিদর্শন করে ব্যবসায়ী ও বিক্রয়কারীদের সঙ্গে সঠিক ওজন ও ন্যায্য বাণিজ্য নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে সালথা সদর বাজারের পাট-পেঁয়াজ সহ বিভিন্ন দোকানে এ পরিদর্শন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিনের নেতৃত্বে বাজার পরিদর্শনকালে সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ, উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব আল আজাদ জনির উপস্থিতিতে ব্যবসায়ীদের স্পষ্টভাবে জানানো হয়, ৪০ কেজিতে ১ মণ। নির্ধারিত ওজনের অতিরিক্ত গ্রহণ কিংবা ওজনের ক্ষেত্রে কোনো ধরনের কারচুপি প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় ব্যবসায়ীদের সঠিক ওজন ও ন্যায্যমূল্য নিশ্চিত করে ব্যবসা পরিচালনা এবং কৃষক ও ক্রেতাদের স্বার্থ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, জনস্বার্থে বাজারে ন্যায্যতা, স্বচ্ছতা ও সঠিক ওজন নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।