
“পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তাশেম উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মণ, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, বিভাগদী শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, একাডেমিক সুপারভাইজার ইরা গোস্বামীসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জাতির ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকরা শুধু শিক্ষার্থীদের পাঠদানই করেন না, বরং তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই শিক্ষকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, তাদের মর্যাদা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।
বক্তারা আরও বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সম্মান প্রদানের মাধ্যমে শিক্ষার পরিবেশ আরও উন্নত করা সম্ভব।