
ফরিদপুরের সালথায় পল্লী বিদ্যুতের উদ্যোগে ছাদে সোলার প্যানেল স্থাপন ও সার্ভিস প্রভাইডার তালিকাভুক্তকরণ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা হলরুমে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সালথা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান, উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম মোঃ মেহেদুল ইসলাম মেহেদী, সালথা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিভাগদী কলেজের অধ্যক্ষ মোঃ তরিকুল ইসলাম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ইরা গোস্বামী।
সভায় ছাদে সোলার সিস্টেম স্থাপন, সার্ভিস প্রভাইডার তালিকাভুক্তকরণ এবং জাতীয় গ্রিডে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৭ সালের মধ্যে সোলার সিস্টেম চালু করে জাতীয় গ্রিডে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ শুরু করতে হবে। এ সময়ের মধ্যে সোলার সিস্টেম চালু করা গেলে ২৮ ফেব্রুয়ারি ২০৩০ সাল পর্যন্ত প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ১০ টাকা ৫০ পয়সা হারে প্রণোদনা পাওয়ার সুযোগ রয়েছে বলে সভায় জানানো হয়।
বক্তারা বলেন, ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি জাতীয় গ্রিডে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
এছাড়াও সভায় পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, সংশ্লিষ্ট সার্ভিস প্রভাইডার ও বিভিন্ন পর্যায়ের অংশীজন উপস্থিত ছিলেন।