
রাজিব হোসেন, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালী উপজেলার ৪নং কামালদিয়া ইউনিয়নে ‘বৃক্ষরোপণ-২০২৬’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এক হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। সভাপতিত্ব করেন চেয়ারম্যান মো. ওলিদ হাসান মামুন। অনুষ্ঠান পরিচালনা করেন ১নং ওয়ার্ডের মেম্বার মো. আবু তালেব শেখ।
এ সময় উপস্থিত ছিলেন মেম্বার মো. বাবলু খান, মো. আকতার হোসেন, সংরক্ষিত মহিলা মেম্বার রোমা আক্তার, শিল্পী বেগম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। কামালদিয়া ইউনিয়নের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
চেয়ারম্যান মো. ওলিদ হাসান মামুন বলেন, “কামালদিয়াকে সবুজ ও বাসযোগ্য ইউনিয়ন হিসেবে গড়তেই আমাদের এই উদ্যোগ। এই কার্যক্রম পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে বাস্তবায়ন করা হবে।”