
প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের উৎসাহিত করা এবং আধুনিক পদ্ধতিতে পশুপাখি পালনে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ফরিদপুরের সালথায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. বুলবুল আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবীব আল আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফিফা সুলতানা, নবকম কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান ওহিদ, বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল ফজল মুরাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ এবং সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ক্ষুদ্র ও প্রান্তিক খামারিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত শুধু দেশের পুষ্টির চাহিদা পূরণেই নয়, জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করা এবং বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে হলে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশুপাখি পালন, খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং সরকারি সহায়তা নিশ্চিত করা জরুরি।
বক্তারা আরও বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক খামারিরা দেশের প্রাণিসম্পদ খাতের অন্যতম চালিকাশক্তি। তাঁদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিকভাবে স্বাবলম্বী করতে নিয়মিত প্রশিক্ষণ, প্রয়োজনীয় পরামর্শ এবং সহজলভ্য সরকারি সেবা নিশ্চিত করতে হবে।
এ সময় খামারিরা তাঁদের খামার পরিচালনায় বিদ্যমান বিভিন্ন সমস্যা, উৎপাদনের সম্ভাবনা ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং খামারিদের স্বাবলম্বী করে তুলতে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হয়।