
আওয়ামী ফ্যাসিবাদের নৈরাজ্য ও দেশব্যাপী আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে ফরিদপুরের সালথায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে সালথা সদর বাজারে উপজেলা মহিলা দলের উদ্যোগে এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা দলের নেত্রী সাবিহা আক্তার লুনা, ফারজানা ইয়াসমিন, সুবর্ণা আক্তার আসমা, জেসমিন খান, রোজিনা আক্তার, তানিয়া আক্তার, রুমা বেগমসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের প্রতিবাদ তুলে ধরেন।
প্রতিবাদ সমাবেশে সাবিহা আক্তার লুনা বলেন, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত করতে জননেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর নির্দেশনায় বিএনপি নেতাকর্মীরা মাঠে নেমেছেন। সালথা উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। কোনো ধরনের নৈরাজ্য বা অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না।
ফারজানা ইয়াসমিন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো দোসরকে সালথা-নগরকান্দার মাটিতে অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না। আওয়ামী লীগের যেকোনো কর্মকাণ্ড রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। শামা ওবায়েদ ইসলামের নেতৃত্বে সালথা-নগরকান্দার মানুষ ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে।