
ফরিদপুরের সালথায় উৎসবমুখর পরিবেশে মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জমজমাট এ ফাইনালে কাউলিকান্দা ফুটবল একাদশকে ট্রাইবেকারে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফরিদপুর আর এস স্পোর্টিং ক্লাব।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার সিংহপ্রতাপ দক্ষিণপাড়া মোল্যাবাড়ি-সংলগ্ন মাঠে কাউলিকান্দা যুবসমাজের আয়োজনে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আট দলীয় এ মিনিবার ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করেন সালথা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব মাতুব্বর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালথা উপজেলার ক্রীড়াবিদ মাসুদুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম ও মিরান হুসাইন, উপজেলা শ্রমিকদলের সভাপতি কালাম বিশ্বাস, মো. হাশেম ফকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা।
টুর্নামেন্টের পরিচালক হাবিবুর রহমান হাবিব মাতুব্বর বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। যুবসমাজকে সুস্থ, সুন্দর ও অপরাধমুক্ত রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন আরও বাড়ানো প্রয়োজন। আমরা চাই, এলাকার তরুণেরা মাঠে ফিরে আসুক এবং খেলাধুলার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকশিত করুক।”
খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। ফাইনালে চ্যাম্পিয়ন ফরিদপুর আর এস স্পোর্টিং ক্লাবকে ট্রফির পাশাপাশি একটি ১৭ ইঞ্চি এলইডি মনিটর পুরস্কার দেওয়া হয়। অন্যদিকে, রানার্সআপ কাউলিকান্দা ফুটবল একাদশের হাতে তুলে দেওয়া হয় একটি মোবাইল ফোন।
আট দলীয় এ মিনিবার ফুটবল টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রবাসী মো. মুস্তাক মাতুব্বর। আয়োজকেরা জানান, স্থানীয় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, নতুন প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের ক্রীড়া আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকলে তরুণদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়বে এবং স্থানীয় পর্যায়ে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে।