
ফরিদপুরের সালথা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবীব আল আজাদ জনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফিফা সুলতানা, বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা, বিসিআইসি ও বিএডিসির সার ডিলার এবং গণমাধ্যমকর্মীরা।
সভায় উপজেলার সার ও বীজের সরবরাহ, বিতরণ, মজুত এবং কৃষকদের কাছে সঠিকভাবে সার পৌঁছানো নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবীব আল আজাদ জনি বলেন, কৃষকরা যাতে সার সংগ্রহ করতে গিয়ে কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। সরকারি বরাদ্দের সার নির্ধারিত এলাকার বাইরে পাচার বা অবৈধভাবে স্থানান্তর করা যাবে না। সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি ডিলারদের মজুত ও বিক্রয় কার্যক্রম নিয়মিত তদারকি করতে হবে। উপজেলার কোথাও সারের কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দামে বিক্রি কিংবা বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে হবে। কৃষকদের স্বার্থ রক্ষায় ও বীজের সার্বিক পরিস্থিতি নিয়মিত মনিটরিংয়ের ওপর তিনি গুরুত্বারোপ করেন। এবং জমিতে অতিরিক্ত সার প্রয়োগ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে কৃষকদের সচেতনতা বৃদ্ধিতে সকলের সহযোগিতা কামনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, বর্তমানে পেঁয়াজ চাষের মৌসুম চলছে। এ সময়ে কৃষকদের জন্য প্রয়োজনীয় সার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকদের চাহিদা ও কৃষিকাজের সময় বিবেচনায় রেখে সার সরবরাহ ও বিতরণ কার্যক্রম পরিচালনা করতে হবে, যাতে সারের অভাবে কোনো কৃষককে ভোগান্তিতে পড়তে না হয়। এ ক্ষেত্রে সার ডিলারদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং সরকারি নির্দেশনা মেনে সার বিক্রি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে আরও সক্রিয় ও সচেতন হতে হবে। সারের মজুত, সরবরাহ, মূল্য এবং বিতরণব্যবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। কোথাও সারের অনিয়ম, অবৈধ মজুত, অতিরিক্ত দামে বিক্রি কিংবা কৃষকদের অভিযোগ পাওয়া গেলে তা দ্রুত যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সার ও বীজ বিতরণব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় উপজেলার সার ও বীজ সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখা, কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করা এবং সার বিতরণে যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।