
ফরিদপুরের সালথা উপজেলায় হত্যার হুমকি দিয়ে জমি দখল করে গোয়ালঘর নির্মাণের অভিযোগ উঠেছে রাজিব ফকির ও তাঁর বাবা সূর্য ফকিরের বিরুদ্ধে। এ ঘটনায় নিজের জমির দখল ফিরে পাওয়া এবং পরিবারের নিরাপত্তা চেয়ে সালথা থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মোঃ মুজিবুর রহমান।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী গ্রামের বাসিন্দা মোঃ মুজিবুর রহমানের পৈতৃক জমিতে গত ১৪ অক্টোবর রাজিব ফকির ও তাঁর বাবা সূর্য ফকির গোয়ালঘর নির্মাণ করেন। এ সময় তাঁকে জোরপূর্বক জমি থেকে বঞ্চিত করা এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করেন মুজিবুর রহমান। এ বিষয়ে প্রতিকার চেয়ে ১৫ অক্টোবর সালথা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
ভুক্তভোগী মুজিবুর রহমান তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিজের জমির দখল ফিরে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
অন্যদিকে, অভিযোগের বিষয়ে সূর্য ফকির বলেন, “এটি আমাদের নানাবাড়ির সম্পত্তি। আমরা অনেক বছর ধরে এখানে বসবাস করছি। অভিযোগকারী আমাদের মামা। এতদিন তিনি কিছু বলেননি, কিন্তু এখন গোয়ালঘর নির্মাণের সময় বাধা দিচ্ছেন। জমির কাগজপত্র তাঁদের কাছে রয়েছে। অন্য জমির সঙ্গে এই জমিটিও তাঁরা রেকর্ড করে নিয়েছেন বলে দাবি করছেন।”
জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে জমির প্রকৃত মালিকানা এবং কার দখলে জমিটি থাকার কথা, তা সংশ্লিষ্ট কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে নির্ধারণ করা প্রয়োজন।
এ বিষয়ে সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, জোরপূর্বক জমি দখল করে গোয়ালঘর নির্মান করার বিষয়ে একটা লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।