
ফরিদপুরের সালথায় চুরি ও ছিনতাইসহ ১৭টি মামলার আসামি মোঃ মিজানুর রহমানকে (৫০) গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার বড় লক্ষণদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিজানুর রহমান সালথা উপজেলার বড় লক্ষণদিয়া এলাকার মৃত আঃ রব মাতুব্বরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মিজানুর রহমানের বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ১৭টি মামলা রয়েছে। একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, মিজানুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি একজন দুর্ধর্ষ চোর হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় গোপন সংবাদের ভিত্তিতে বড় লক্ষণদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।