
ফরিদপুরের সালথায় চণ্ডীবদ্দী সাহাপাড়া সার্বজনীন মন্দিরে যাতায়াতের ভাঙাচোরা রাস্তা নিজ উদ্যোগে সংস্কার করেছেন নবগঠিত উপজেলা যুবদলের সদস্য মো. নুরুল ইসলাম মাতুব্বর।
রবিবার (১৮ অক্টোবর) মন্দিরে যাতায়াতের সুবিধার্থে তিনি এ সংস্কারকাজ করেন। রাস্তা ভাঙাচোরা থাকায় মন্দিরে আগত দর্শনার্থী, পূজারি ও স্থানীয় সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি হচ্ছিল। এ সমস্যা বিবেচনায় নিয়ে তিনি ব্যক্তিগত উদ্যোগে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করেন।

এ সময় উপস্থিত ছিলেন চণ্ডীবদ্দী সাহাপাড়া সার্বজনীন মন্দিরের সভাপতি সুধীর কুমার সাহা, ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি চান মিয়া মাতুব্বর, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিক মিয়া, যুবদল নেতা শাহজাহান শরীফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সংস্কারকাজের বিষয়ে যুবদল নেতা মো. নুরুল ইসলাম মাতুব্বর বলেন, “পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের পূজামণ্ডপ পরিদর্শনে আগমন উপলক্ষে এবং এলাকার সাধারণ মানুষ যেন চণ্ডীবদ্দী সার্বজনীন পূজামণ্ডপে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, সে জন্য আমি নিজ উদ্যোগে ভাঙাচোরা রাস্তাটি সংস্কার করছি।”
তিনি আরও বলেন, এলাকার মানুষের চলাচলের সুবিধা এবং ধর্মীয় উৎসবে সবার অংশগ্রহণ নির্বিঘ্ন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয়রা তাঁর এ উদ্যোগকে স্বাগত জানান এবং জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।